অর্থনীতি
ছবি: সংগৃহীত

একদিনে পদ্মা-যমুনা সেতুতে,রেকর্ড যানবাহন ও টোল আদায়।

নিজস্ব প্রতিবেদক:

নতুন রেকর্ড গড়েছে দেশের অন্যতম দুই সেতু—পদ্মা ও যমুনা। একদিনে দুই সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বোচ্চ সংখ্যক যানবাহন, আর আদায় হয়েছে সর্বোচ্চ পরিমাণ টোল।
একদিনেই গাড়ি পারাপার লাখ ছাড়িয়ে গেছে, টোল আদায় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতু দিয়ে পার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন। এতে আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। অন্যদিকে, যমুনা সেতু দিয়ে এদিন পার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন, আর টোল উঠেছে ৪ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা।

পূর্বের রেকর্ড অনুযায়ী, পদ্মা সেতু চালুর দিনে (২৬ জুন ২০২২) যানবাহন পারাপার হয়েছিল ৫১ হাজার ৩১৬টি। সর্বোচ্চ টোল আদায় হয় ২০২৪ সালের ৯ এপ্রিল—৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। যমুনা সেতুর ক্ষেত্রে ২০২৩ সালের ২৭ জুন পার হয়েছিল ৫৫ হাজার ৬২১টি যান, আর সর্বোচ্চ টোল উঠেছিল ২০২৪ সালের ১৪ জুন—৩ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।

সেতু দুটির এই নতুন রেকর্ড ঘরমুখো মানুষের ঈদযাত্রার চাপকেই ইঙ্গিত করে। এর মাধ্যমে দেশের সড়ক অবকাঠামোর ওপরও চাপ বাড়ার বিষয়টি উঠে এসেছে।

মতামত দিন