অর্থনীতি
ছবি: সংগৃহীত

ঈদের আগেই বড় সুখবর,৩ দিনে রেমিট্যান্স এসেছে ৬০ কোটি মার্কিন ডলার।

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে চাঙা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি জুন মাসের প্রথম তিন দিনে (১-৩ জুন) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
বর্তমান ডলার বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী যার মূল্য বাংলাদেশি টাকায় ৭ হাজার ৪২৯ কোটি ২০ লাখ।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ পাচার ও হুন্ডি কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।রোজগারের অর্থ দেশে পাঠাতে এখন আরও বেশি উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। ফলে ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ পেয়েছে বাড়তি গতি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। একইসঙ্গে কোরবানির পশুর বাজার, পোশাক ও উপহার কেনাকাটায় ভোক্তা ব্যয়ও বেড়েছে, যা অর্থনীতিকে চাঙা করে তুলছে।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে এসেছে মোট ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-মে) এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। ফলে এ বছর ইতোমধ্যেই অতিরিক্ত এসেছে ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বা ৬.১৩ বিলিয়ন ডলার।

মতামত দিন