ঈদ উপলক্ষে নতুন টাকা পেতে যেতে হবে যেসব ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের ঈদে নতুন নোট বিতরণে অংশ নিচ্ছে ১১টি ব্যাংক। এগুলো হলো—সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
নতুন নোটগুলোর নকশা ও নিরাপত্তা ফিচার আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নোটে থাকছে আধুনিক ডিজাইন, জলছাপ, নিরাপত্তা সুতা, রঙ পরিবর্তনশীল কালি এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্পর্শযোগ্য চিহ্ন।
নতুন নোটগুলোর বিবরণ:
-
১০০০ টাকা: আকার ১৬০x৭০ মিমি। সম্মুখে জাতীয় স্মৃতিসৌধ ও শাপলা ফুল, পেছনে সংসদ ভবন। জলছাপে রয়েল বেঙ্গল টাইগার, ‘১০০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
-
৫০ টাকা: আকার ১৩০x৬০ মিমি। সম্মুখে আহসান মঞ্জিল, পেছনে কামরুল হাসানের ‘সংগ্রাম’ চিত্র। রয়েছে নিরাপত্তা সুতা ও স্পর্শযোগ্য বৃত্ত।
-
২০ টাকা: আকার ১২৭x৬০ মিমি। সম্মুখে কান্তজিউ মন্দির, পেছনে পাহাড়পুর বৌদ্ধবিহার। জলছাপ, ইমেজ ও মাইক্রোপ্রিন্টে সজ্জিত।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের দিন ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই নির্দিষ্ট শাখাগুলোতে নতুন নোট বিতরণ চলবে। তবে কেউ যেন একাধিকবার ভিন্ন ব্যাংক থেকে অতিরিক্ত নোট না নিতে পারে, সেজন্য সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
মতামত দিন