অর্থনীতি
ছবি: সংগৃহীত

আমের মৌসুমে রাজশাহীতে প্রতি শনিবার খোলা থাকবে আমবাজারসংলগ্ন ব্যাংক শাখা।

নিজস্ব প্রতিবেদক:

চলতি আম মৌসুমে রাজশাহী বিভাগের প্রধান আমবাজার সংলগ্ন ব্যাংক শাখাগুলো প্রতি শনিবার খোলা  রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী আমবাজার এলাকায় ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে এবং ব্যবসায়ীদের নগদ লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা; নওগাঁর সাপাহার, পোরশা  ও নিয়ামতপুর; রাজশাহী এবং নাটোরের আমবাজারঘেঁষা শাখাগুলোতে প্রতিটি শনিবার (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।

ব্যবসায়ীদের নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধার্থে শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত আকারে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

মতামত দিন