অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিদেশফেরত যাত্রী এখন থেকে কতটি মোবাইল আনতে পারবেন?

নিজস্ব প্রতিবেদক:

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে বড় ধরনের পরিবর্তন আনল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, এখন থেকে বছরে একবার একজন যাত্রী সর্বোচ্চ একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ না করে দেশে আনতে পারবেন।

মঙ্গলবার (৩ জুন) এনবিআরের পক্ষ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, যেকোনো যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন এবং প্রতি অর্থবছরে কেবল ১টি নতুন মোবাইল ফোন বিনাশুল্কে আনতে পারবেন। এর বেশি মোবাইল আনতে হলে প্রচলিত বিধিমালার আওতায় শুল্ক ও কর পরিশোধ করতে হবে এবং আমদানি নিয়ন্ত্রণ আদেশ অনুযায়ী ছাড়পত্র ও প্রয়োজন হলে আর্থিক জরিমানাও গুণতে হতে পারে।

নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, বিদেশি পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় (যেমন স্পিরিট, বিয়ার ইত্যাদি) বিনাশুল্কে আনতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা থাকছে না—তারা কোনো ধরনের মদ্যপ পণ্য দেশে আনতে পারবেন না।

ব্যাগেজ সীমা নিয়েও এসেছে পরিবর্তন। এখন থেকে বুকিং ও হ্যান্ড লাগেজ মিলিয়ে সর্বোচ্চ ৬৫ কেজি পর্যন্ত পণ্য আনতে পারবেন যাত্রীরা। এর বেশি হলে শুল্ক প্রযোজ্য হবে। সেই সঙ্গে যাত্রীদের ব্যাগেজ ঘোষণাপত্র পূরণ বাধ্যতামূলক করা হয়েছে, যা অনলাইনে জমা দেওয়া যাবে।

২০২৩ সালের ব্যাগেজ রুলসে মোবাইল ফোনের সংখ্যা নির্ধারিত থাকলেও ব্যবহৃত না নতুন—সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে ২০২৪ সালের নতুন বিধিতে এ বিভাজন স্পষ্ট করে দেওয়া হয়েছে, ফলে আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি এখন সুসংহত।

শুল্ক ফাঁকি ও অবৈধ বাণিজ্য ঠেকাতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।তবে প্রযুক্তিপণ্য আমদানিতে অতিরিক্ত কড়াকড়ি হলে সাধারণ যাত্রীদের ওপর এর প্রভাব পড়তে পারে বলেও  আশঙ্কা রয়েছে।

মতামত দিন