ক্রেডিট কার্ড পেতে আর লাগবে না আয়কর রিটার্ন।
অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, করদাতাদের কর প্রদান, রিটার্ন দাখিল ও দলিল সংরক্ষণ প্রক্রিয়ায় জটিলতা কমাতে সরকার ইতিমধ্যে ৪৫টি সেবায় রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে। এর পরিবর্তে এখন থেকে ১২টি নির্দিষ্ট সেবা গ্রহণে শুধু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ জমা দিলেই চলবে। এসব সেবার মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রও।
এছাড়াও বাজেটে আর ও কয়েকটি সংশোধনী প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
রিটার্ন দাখিল থেকে অব্যাহতি: এতিমখানা, অনাথ আশ্রম, তহবিল ও ধর্মীয় উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানসমূহকে বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
-
ত্রৈমাসিক উৎসে কর রিটার্ন: উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হচ্ছে।
-
স্থাবর সম্পত্তি হস্তান্তরে অতিরিক্ত অর্থে কর:জমি বা স্থাপনা হস্তান্তরের সময় দলিলে উল্লেখিত মূল্য ছাড়াও যদি অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়, তা ব্যাংক বিবরণীসহ উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মূলধনি আয়ের আওতায় করযোগ্য হবে।
-
রিটার্ন অডিট পদ্ধতির সংস্কার: স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করা রিটার্নের অডিট সংক্রান্ত মাঠপর্যায়ের জটিলতা দূর করতে সংশ্লিষ্ট বিধান পুনর্গঠন করা হয়েছে।
এই পদক্ষেপগুলোর মাধ্যমে কর ব্যবস্থায় জবাবদিহিতা বজায় রেখে কর পরিপালনকে আরও সহজ ও করদাতাবান্ধব করার চেষ্টা করছে সরকার।
মতামত দিন