অর্থনীতি
ছবি: সংগৃহীত

রিজার্ভে ঊর্ধ্বগতি, ২৫ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে বৈদেশিক মুদ্রার মজুত।

নিজস্ব প্রতিবেদক:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক গতি দেখা দিয়েছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশ ব্যাংকের গ্রস  রিজার্ভ (মোট রিজার্ভ) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা প্রায় ২৫৮৮৬ দশমিক ৭০ মিলিয়ন ডলারের সমান।
সোমবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট অনুসারে, ২ জুন তারিখ পর্যন্ত বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ২৫৮৮৬ দশমিক ৭০ মিলিয়ন ডলার। আগের দিন অর্থাৎ ১ জুন এই পরিমাণ ছিল ২৫৭৬৬ দশমিক ৮০ মিলিয়ন ডলার, অর্থাৎ একদিনেই রিজার্ভ বেড়েছে ১১৯ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত মানদণ্ড ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল সিক্সথ এডিশন’ বা বিপিএম-৬ অনুযায়ী হিসাব করলে, ২ জুন পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২০৫৯১ দশমিক ৬৬ মিলিয়ন ডলারে। একদিন আগে যা ছিল ২০৫০০ দশমিক ৫৫ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নিট রিজার্ভ হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে। এই পদ্ধতিতেই বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে প্রকৃত রিজার্ভের তথ্য উপস্থাপন করা হয়ে থাকে।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়লে আগামী মাসগুলোতে রিজার্ভে আরও স্থিতিশীলতা আসতে পারে। যদিও আমদানি ব্যয় এবং ঋণ পরিশোধের চাপ এখনো রিজার্ভ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ  হিসেবে রয়ে গেছে।

মতামত দিন