১২টি সেবায় রিটার্ন ছাড়, তহবিল ও এতিমখানার জন্য কর অব্যাহতি।
সোমবার (২ জুন) বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা জানান, জনসাধারণের হয়রানি কমাতে এবং করব্যবস্থার জটিলতা হ্রাস করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৪৫টি সেবার জন্য কর রিটার্ন দাখিলের প্রমাণ লাগলেও, এবার এর মধ্যে ১২টি সেবার জন্য শুধু টিআইএন দিলেই চলবে।
আরও যেসব প্রস্তাব দেওয়া হয়েছে:
১. দাতব্য প্রতিষ্ঠানে রিটার্নের প্রয়োজন নেই:
তহবিল, এতিমখানা, অনাথ আশ্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে রিটার্ন দাখিলের নিয়ম শিথিল করে কর অব্যাহতি দেওয়া হয়েছে।
২. উৎসে কর রিটার্ন হবে ত্রৈমাসিক:
উৎসে কর কর্তনকারী সংস্থাগুলোর জন্য মাসভিত্তিক রিটার্ন দাখিলের পরিবর্তে তিন মাস অন্তর রিটার্ন জমার বিধান রাখা হয়েছে। এতে প্রশাসনিক ঝামেলা অনেকটাই কমবে।
৩. জমি হস্তান্তরের সময় অতিরিক্ত অর্থ করের আওতায়:
জমি কিংবা স্থাপনা হস্তান্তরের সময় দলিল মূল্যের অতিরিক্ত অর্থ গ্রহণ করলে তা দালিলিক প্রমাণসহ উপস্থাপন করতে হবে। এই অতিরিক্ত অর্থ মূলধনি আয় হিসেবে গণ্য হয়ে করযোগ্য হবে।
৪. অডিট পদ্ধতিতে পরিবর্তন:
স্বনির্ধারণী রিটার্নের অডিট কার্যক্রমে মাঠ পর্যায়ের জটিলতা নিরসনে সংশ্লিষ্ট বিধান নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে। এতে অডিট হবে আরও স্বচ্ছ ও কাঠামোগত।
অর্থ উপদেষ্টার মতে, জনগণের আস্থা অর্জন এবং কর ব্যবস্থাকে অধিকতর কার্যকর ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই এসব সংস্কার আনা হয়েছে। বাজেটে প্রস্তাবিত এসব পরিবর্তন বাস্তবায়িত হলে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে আগ্রহী হবেন নাগরিকরা—এমনটাই আশা করছে অন্তর্বর্তী সরকার।

মতামত দিন