অর্থনীতি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘিরে জল্পনা-কল্পনা, সোমবার বিকেল ৩টায় উন্মোচন।

নিজস্ব প্রতিবেদক:

গণঅভ্যুত্থানের পর দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল, সোমবার (২ জুন)। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট ঘোষণার পর তা উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে, যেখানে অনুমোদনের পর চূড়ান্ত রূপ পাবে অর্থবছরের নীতিগত কাঠামো।

তথ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেট বক্তৃতা ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী বিকেল ৪টার পরিবর্তে এবার তা এক ঘণ্টা আগেই, অর্থাৎ বিকেল ৩টায়  সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে। বাজেটের সর্বব্যাপী প্রচার নিশ্চিত করতে বেসরকারি টেলিভিশন ও রেডিও মাধ্যমগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে সম্প্রচারের আহ্বান জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অন্যান্য উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হচ্ছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

মূল্যস্ফীতির চাপ থেকে জনগণকে স্বস্তি দিতে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। সরকার ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করবে বলে জানা গেছে।

এ ছাড়া, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় খাপ খাওয়াতে করনীতিতে  বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন শিল্প খাতে কর অব্যাহতির মেয়াদ আর বাড়ছে না—এমন সিদ্ধান্ত আসতে পারে নতুন বাজেটে।

উন্নয়ন খাতে বরাদ্দের ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার এরই মধ্যে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে মোট উন্নয়ন ব্যয় হতে পারে প্রায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে সরকারের লক্ষ্য তুলনামূলক সংযত। নতুন অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে সাড়ে ৫ শতাংশ।

তবে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী করমুক্ত ব্যক্তিগত আয়ের সীমা এবারের বাজেটে বাড়ছে না বলেই জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে।

প্রস্তাবিত এই বাজেট হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ৫৪তম বাজেট। পাশাপাশি এটি হবে নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে এবং সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ঘোষিত প্রথম বাজেট—যা দেশের আগামী অর্থনৈতিক রূপরেখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন