জ্বালানি তেলের দাম আরও কমাল সরকার, কার্যকর আজ রাত থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসের জন্য ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১০৪ থেকে ১০২ টাকা করা হয়েছে। অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২৫ থেকে ১২২ টাকা, পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১২১ থেকে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম ১১৪ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল সরকার তেলের দাম লিটারে এক টাকা কমিয়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা নির্ধারণ করে। তখন পেট্রোল ও অকটেনের দাম ছিল যথাক্রমে ১২১ ও ১২৫ টাকা।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৩ সালের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়ের নীতি চালু করে সরকার। এই অনুযায়ী প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হচ্ছে।
প্রথমবার ২০২৩ সালের ৩১ আগস্ট এই নিয়মে দাম কমানো হয়, তখন পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়। এরপর কয়েক দফায় আবারও সামান্য হারে কমানো হয় ডিজেল ও কেরোসিনের দাম।
তবে চলতি বছরের শুরু থেকে সরকার নিয়মিত মাসিক মূল্য সমন্বয়ের মাধ্যমে দাম হ্রাস করছে, যা ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন