মাছ, মাংস ও সবজির দাম আগুন, স্বস্তি এখন শুধু ব্রয়লার মুরগিতে।
আজ শুক্রবার,৩০ মে ২০২৫:
ঢাকার বাজারে ক্রমেই বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজি, মাছ ও মাংসের দামে লাগামছাড়া ঊর্ধ্বগতির মধ্যেও স্বস্তির একমাত্র ভরসা হয়ে উঠেছে ব্রয়লার মুরগি।
শুক্রবার (৩০ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। টমেটো এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা, করলা ৫০, কাঁচামরিচ ৫০ এবং পটল, ঝিঙে, চিচিঙ্গা ৫০–৬০ টাকার মধ্যে। একইভাবে পালংশাক, লাউ, বেগুন, মুলা, শসাসহ সব সবজির দামই ঊর্ধ্বমুখী।
মাছের বাজারেও স্বস্তি নেই।রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে যথাক্রমে ৩০০–৪০০ টাকায়।দেশি শিংয়ের কেজি ১২০০ টাকা ছুঁয়েছে, চিংড়ির দাম ৬৫০–৮০০ টাকা।
মাংসের বাজারে সবচেয়ে বেশি চাপ।গরুর মাংস প্রতি কেজি ৭৫০–৮০০ টাকা, খাসির দাম ১১০০ টাকা—যা সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।
এই প্রেক্ষাপটে ব্রয়লার মুরগিই এখন একমাত্র ভরসা। বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০–১৭০ টাকায়, সোনালি জাতের মুরগি ২৩০–২৬০ টাকা। তবে দেশি মুরগির দাম এখনও ৫৫০–৬০০ টাকার আশপাশে।
ডিমের বাজারেও তেমন স্বস্তি নেই। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫–১৪০ টাকায়।
বাজার বিশ্লেষকদের মতে, কোরবানির ঈদ সামনে রেখে আরও বাড়তে পারে মাছ ও মাংসের দাম। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

মতামত দিন