সহসভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি স্থগিত, আজ থেকে খুলছে জুয়েলারি দোকান।
আজ শুক্রবার,৩০ মে ২০২৫:
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) সারাদেশে জুয়েলারি দোকান বন্ধ রাখার কর্মসূচি পালন করা হলেও তা আপাতত স্থগিত করেছে সংগঠনটি। ফলে আজ শুক্রবার (৩০ মে) থেকে দেশের সব জুয়েলারি দোকান যথারীতি খোলা থাকবে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ঈদ-উল-আজহার আগে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহসভাপতি মো. রিপনুল হাসানকে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজনৈতিক পরিচয়ের অপপ্রচার চালিয়ে হেনস্তা করা হয়েছে, যদিও তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন এবং কখনও কোনো রাজনৈতিক পদে ছিলেন না।এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে বাজুস প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
এদিকে রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে। বাজুস কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই তার নিঃশর্ত মুক্তির দাবিতে জুয়েলারি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়। তবে সেই কর্মসূচি একদিনের মাথায় স্থগিত করা হলো।

মতামত দিন