অর্থনীতি
ছবি: সংগৃহীত

স্থানীয় প্রকল্পে ডলারে পাওনা পরিশোধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

দেশীয় প্রকল্পে অংশ নেওয়া প্রতিষ্ঠানের বৈদেশিক অংশীদারদের অর্থ পাওনা এখন থেকে ডলারে পরিশোধের সুযোগ থাকছে। সংশ্লিষ্ট প্রক্রিয়ায় শর্ত সাপেক্ষে এ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের অনুমোদিত  ডিলার (এডি) ব্যাংকগুলো টেন্ডার ডকুমেন্ট যাচাই করে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) পদ্ধতিতে প্রকল্প সংশ্লিষ্ট বিদেশি অথবা যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) পার্টনারদের ডলারে অর্থ পরিশোধ করতে পারবে।

তবে কোনো প্রকল্প স্থগিত বা বাতিল হলে—সেই ক্ষেত্রে আর্থিক দায় মেটাতে ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা, অর্থাৎ টাকায় পরিশোধের বিধানও রাখা হয়েছে।

প্রকল্পের বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি কিংবা অন্য কোনো আর্থিক প্রতিশ্রুতির বিপরীতে এই নতুন নির্দেশনা কার্যকর হবে।বিশেষ করে স্থানীয় কোনো প্রতিষ্ঠান বিদেশি অংশীদার নিয়ে যৌথভাবে কোনো প্রকল্পে যুক্ত হলে—পাওনা নিষ্পত্তিতে ডলারের ব্যবহার বাধ্যতামূলক হবে বলে স্পষ্ট করা হয়েছে।

এদিকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আলাদা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (PSD)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় এটিএম, পয়েন্ট অব সেল (POS), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও অনলাইন পেমেন্ট গেটওয়েগুলোর সার্ভিস যেন নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে হবে।

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি দ্রুত কারিগরি ত্রুটি সমাধান, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে পিওএস ও কিউআর কোডের মাধ্যমে সেবা অব্যাহত রাখতে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার বিষয়েও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এসব পদক্ষেপ দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা, গতিশীলতা এবং আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ানোর দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন