ঈদ সামনে রেখে ৫, ১১ ও ১২ জুন ব্যাংকের চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি।
ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সময়সূচিতে ব্যাংকের চেক ক্লিয়ারিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫ জুন এবং ঈদের পর ১১ ও ১২ জুন দেশের কিছু নির্বাচিত অঞ্চলে ব্যাংক খোলা থাকলেও চেক নিষ্পত্তির জন্য নির্ধারিত হবে নতুন সময়সীমা।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের আগের দিন ৫ জুন এবং পরে ১১ ও ১২ জুন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গি, ভালুকা ও চট্টগ্রামের শিল্প এলাকাভিত্তিক নির্দিষ্ট ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করবে। ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
একইভাবে, ঈদের পরবর্তী দুইদিন সরকারি ছুটি হলেও রপ্তানি ও আমদানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ঢাকা, চট্টগ্রামসহ প্রধান বাণিজ্যিক অঞ্চলের অনুমোদিত ডিলার ব্যাংক শাখা চালু থাকবে। এ সময় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত স্বয়ংক্রিয় ক্লিয়ারিং সিস্টেম বিএসিএইচ (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রমও বিশেষ সময়সূচিতে পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫, ১১ ও ১২ জুন হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে, যা নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে। রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার নিচে) পাঠাতে হবে দুপুর সাড়ে ১২টার মধ্যে এবং তা নিষ্পত্তি হবে দুপুর আড়াইটার মধ্যে।
তবে বিইএফটিএনের (BEFTN) তিনটি সেশন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন কার্যক্রম চলবে দুপুর সোয়া ২টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মতামত দিন