অর্থনীতি
ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনের সহসভাপতি মো. রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ মে) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহসভাপতি রিপনুল হাসানকে "মিথ্যা ও হয়রানিমূলক মামলায়" গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা বলেন, "সহসভাপতি মো. রিপনুল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার দ্রুত মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।"

জানা গেছে, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনার পরপরই বাজুসের পক্ষ থেকে জুয়েলারি ব্যবসা সাময়িকভাবে স্থগিতের এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়, যা দেশের স্বর্ণ ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন