বাংলাদেশের মাথাপিছু আয় প্রকাশ করল বিবিএস।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার (২৭ মে) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। সেই তুলনায় এবার বেড়েছে ৮২ ডলার। এর আগে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, তবে পরে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আয় ডলারে হ্রাস পায়।
বিবিএস জানিয়েছে, চলতি অর্থবছরে মাথাপিছু আয় হিসাব করতে গড় ডলার বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১১১ টাকা ৬ পয়সা। এই হারের ভিত্তিতে চলতি বছর টাকায় মাথাপিছু আয় দাঁড়ায় ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। গত অর্থবছরে এ অঙ্ক ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
তবে অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, মাথাপিছু আয় ব্যক্তির প্রকৃত উপার্জন নয়। বরং এটি দেশের মোট জাতীয় আয়—যার মধ্যে অভ্যন্তরীণ উৎপাদন ও প্রবাসী আয় অন্তর্ভুক্ত—তা দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়।
মাথাপিছু আয়ের এই নতুন রেকর্ড অর্থনীতিতে আস্থার বার্তা দিলেও ডলার সংকট, মূল্যস্ফীতি ও বৈদেশিক বাণিজ্যে ভারসাম্যহীনতা প্রেক্ষাপটে এর বাস্তব প্রতিফলন নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।
মতামত দিন