ঈদের আগে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট, ভাইরাল ছবিতে বাড়ছে বিভ্রান্তি।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
ঈদুল আজহার আগে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট।তবে বাজারে ছাড়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব নোটের নকশাসদৃশ কিছু ছবি, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো মন্তব্য করতে না চাইলেও জানায়, ঈদকে কেন্দ্র করে প্রথম ধাপে প্রায় ১ হাজার কোটি টাকা সমমূল্যের নতুন নোট ছাড়ার প্রক্রিয়া চলছে। নোটগুলোয় থাকবে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনার ছবি। তবে কোনো ব্যক্তির ছবি থাকবে না বলে নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, “এই নোটগুলোতে থাকছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন। আমরা এখানে ধর্মীয় বা রাজনৈতিক কোনো পক্ষপাত করছি না। যে স্থাপনাগুলো বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, সেগুলোর ছবিই থাকছে—তা মসজিদই হোক বা মন্দির।”
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন আরও জানান, “নতুন ২০, ৫০ ও ১ হাজার টাকার নোটে ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল বা সুন্দরবনের মতো দৃশ্য থাকতে পারে। তবে কোন নোটে ঠিক কোন ছবি থাকছে তা এখনই প্রকাশ করা সম্ভব নয়।” ভাইরাল হওয়া ছবিগুলো আসল না নকল—সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র বলছে, নোটের ডিজাইন চূড়ান্ত হওয়ার পর তা ছাপানোর আগে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। বাজারে আসার পরই কেবল জনসাধারণ এর প্রকৃত চেহারা জানতে পারবে।
প্রসঙ্গত, গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই চলতি মাসে ছাপা শুরু হয় নতুন নোটের।
বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি দেখে অনেকেই একে সত্য ভেবে প্রতিক্রিয়া জানালেও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সাধারণ মানুষকে যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন