অর্থনীতি
ছবি: সংগৃহীত

বন্যা-পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশকে ২৭ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
বাংলাদেশে জরুরি পুনর্বাসন ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের জন্য ২৭ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার ২৮৩ কোটি টাকা) ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি  প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স’ (বি-স্ট্রং) প্রকল্পের আওতায় এ অর্থায়ন দেওয়া হচ্ছে।

রোববার (২৫ মে) ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন।

ইআরডি জানায়, প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। এতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেবে—পানিসম্পদ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে কাজ করবে।

এই ঋণ বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে গৃহীত হবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। বার্ষিক ০.৭৫% সার্ভিস চার্জ এবং ১.২৫% সুদের হার প্রযোজ্য হবে। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০.৫০% হারে কমিটমেন্ট ফি ধার্য থাকলেও, বিশ্বব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে এই ফি মওকুফ করে আসছে।

বিশ্বব্যাংক স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এ পর্যন্ত সংস্থাটি ৪৩.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে শিক্ষা, অবকাঠামো, জ্বালানি ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ ৪৭টি চলমান প্রকল্পে প্রায় ১৩.১ বিলিয়ন ডলারের অর্থায়ন করছে সংস্থাটি।

মতামত দিন