অর্থনীতি
ছবি: সংগৃহীত

সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রস্তাবিত অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে সারা দেশের এনবিআর দপ্তরে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন  কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মবিরতি।

তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, ওষুধ ও জীবনরক্ষাকারী সরঞ্জাম আমদানির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম কর্মবিরতির আওতার  বাইরে থাকবে।

রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। উপকমিশনার আবদুল কাইয়ুম ও উপকর  কমিশনার রইসুন নেসা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

এর আগে, একই দাবিতে রোববার সকাল থেকেই এনবিআর ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। সারা দিনই রাজস্ব দপ্তরের প্রধান ফটকের সামনে জড়ো থাকেন তারা, যার ফলে দুইটি প্রধান প্রবেশদ্বার বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়ে এনবিআরের স্বাভাবিক কার্যক্রম।

আন্দোলনকারীরা চার দফা দাবি জানিয়েছেন:

১. প্রস্তাবিত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে;
২. জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে;
৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ করতে হবে;
৪. রাজস্বব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া ও সুপারিশপত্র ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সব মহলের মতামত নিয়ে চূড়ান্ত করতে হবে।

এনবিআর সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে রাজস্ব বিভাগের ভেতর দীর্ঘদিন ধরেই অস্বস্তি বিরাজ করছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান উদ্যোগগুলোতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত উপেক্ষা করা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাপনায় অচলাবস্থার ঝুঁকি তৈরি করছে।

মতামত দিন