বিশ্ববাজারে চড়া সোনার দাম, বাড়তি প্রভাব দেশের বাজারেও।
বিশ্ববাজারে মূল্যবান ধাতু সোনার দর আবারও ঊর্ধ্বমুখী। করনীতি নিয়ে যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তা এবং টানা ডলারের মানহানির ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি ঝুঁকছেন—ফলে চাঙা হয়ে উঠেছে এই বাজার।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৩০৫.৩৯ ডলার, যা গত ১২ মে’র পর সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, গত ৭ মে থেকে ডলারের মান লাগাতার কমছে। এতে করে বৈদেশিক মুদ্রার বিনিয়োগকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে উঠেছে।
বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং সাধারণ ডলার সূচকে ২৪ ঘণ্টায় ১ পয়েন্টের বেশি পতন—এই দুই কারণে বিশ্ববাজারে ঝুঁকিহীন বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আবারও জোরালো হয়েছে।
বিশ্ববাজারের এই উত্তাপ ছড়িয়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১,৩৬৪ টাকা বাড়িয়েছে।নতুন দাম কার্যকর হয়েছে ১৮ মে থেকে।
নতুন দাম অনুযায়ী:
-
২২ ক্যারেট: ১,৬৭,০৯৮ টাকা
-
২১ ক্যারেট: ১,৫৯,৫০৫ টাকা
-
১৮ ক্যারেট: ১,৩৬,৭১৪ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,১২,৯৭৮ টাকা (প্রতি ভরি)
উল্লেখ্য, এক ভরি সোনা সমান ১১.৬৬৪ গ্রাম।
বিশ্লেষকরা ধারণা করছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা যত বাড়বে, ততই বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে সোনার দিকে, ফলে এই ধাতুটির মূল্য আরো বেড়ে যেতে পারে।

মতামত দিন