অপরাধ
ছবি: সংগৃহীত

মাদ্রাসাশিক্ষক হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বিক্ষোভ, থানাঘেরাও।

নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসাশিক্ষক হাফেজ আবুল কালাম হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

সোমবার (১৯ মে) সকালে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সসহ মিছিল নিয়ে মনোহরদী থানার সামনে গিয়ে অবস্থান নেন স্থানীয়রা। সেখানে তারা পুলিশের প্রতি অভিযোগকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি আব্দুল আওয়ালের মেজো ছেলে।

স্থানীয়রা জানান, আবুল কালামের পরিবারের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৬ মে দুপুরে গাছে আম পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে শহীদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে আবুল কালামসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার (১৮ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যান।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে মরদেহ পৌঁছানোর পর উত্তেজিত এলাকাবাসী মিছিলসহ থানার সামনে অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, “ঘটনার দিনই থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন