অপরাধ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শামসুল হক (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) ভোরে, রাজাপাড়া সীমান্তের ১২১১ নম্বর পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চোরাচালানি পণ্য আনতে যাওয়ার সময়।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শামসুল হকসহ ৪-৫ জনের একটি দল চোরাইপণ্য আনতে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে গেলে, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শামসুল হকের বাঁ হাতে ছররা গুলি লাগে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত শামসুল হক সুনামগঞ্জের চিনাকান্দি ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল সাত্তারের ছেলে।

ঘটনার পর সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এই ঘটনায় স্থানীয় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মতামত দিন