পাবনায় দুই দিনে ৪০ শিক্ষার্থী অচেতন, গন্ধযুক্ত শ্রেণিকক্ষে রহস্য ঘনীভূত।
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুই দিনে অজানা কারণে অচেতন হয়ে পড়েছে অন্তত ৪০ শিক্ষার্থী। বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে অস্বাভাবিক গন্ধ পাওয়া যাওয়ায় বিষয়টি ঘিরে চেতনানাশক স্প্রে ছড়ানোর সন্দেহ উঠেছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের দ্বিতীয় তলায় ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির মোট ৩৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একদিন আগে, রোববার বিকাল ৩টার দিকে আরও ৬ শিক্ষার্থী একইভাবে অচেতন হয়ে পড়ে। দুই ঘটনাতেই আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, “ঘটনাগুলো একই শ্রেণিকক্ষে ঘটেছে এবং সেখানে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া গেছে। আমাদের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে চেতনানাশক জাতীয় কিছু ব্যবহার করে থাকতে পারে।”
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নিলা জানান, “ভ্যাপসা গরম কিংবা ফুড পয়জনিং থেকেও এমনটা হতে পারে। পরীক্ষার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।”
অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম বলেন,“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
হঠাৎ এই ঘটনার পর বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। স্থানীয়ভাবে ঘটনাটি তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
মতামত দিন