অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে ককটেল বিস্ফোরণে আহত শিশুদের মধ্যে খাদিজার মৃত্যু।

যশোর শহরের শংকপুর এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে পাঁচ বছর  বয়সী খাদিজা খাতুন ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হতাহত শিশুরা একটি নিম্নআয়ের পরিবারের সদস্য। বাবা-মা ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে তা বিক্রি করেন। কিছু জিনিস ঘরের ভেতরেও মজুত ছিল। সোমবার সকালে তারা কাজে বেরিয়ে গেলে শিশুরা ঘরের ভেতর খেলছিল। সেসময় একটি গোলাকৃতি বস্তু দেখে তা নিয়ে খেলা শুরু করে দুই ভাইবোন—সজিব ও খাদিজা। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে আহত হয় তারা এবং ঘরে থাকা তাদের আরেক বোন, আয়েশা।

তিনজনকেই প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অবস্থায় সজিব ও খাদিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পথেই মারা যায় শিশু খাদিজা।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ শুনেই তারা ছুটে আসেন এবং আহত শিশুদের উদ্ধার করেন।

ঘটনাস্থলে পরে পৌঁছায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। তারা বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের এলাকা ঘিরে রেখেছে। তবে কোথা থেকে ওই ককটেল ঘরে এসেছে, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ বলছে,এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, কে বা কারা বিস্ফোরকটি ফেলে রেখে গেছে,সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন