অপরাধ
ছবি: সংগৃহীত

সংযোগ সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু, তদন্তে দুদক।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় একটি ছোট নালার উপর নির্মিত হচ্ছে সেতু—যেখানে নেই কোনো সংযোগ সড়ক। প্রায় ৪৩ লাখ টাকার এ প্রকল্প ঘিরে স্থানীয়দের প্রশ্ন,‘যেখানে রাস্তা নেই, সেখানে সেতুর প্রয়োজনই বা কী?’

রোববার (১৮ মে) দুপুরে এ প্রকল্পস্থলে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।

উপস্থিত ছিলেন কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আজমির শরীফ মারজী। তিনি সেতুর নির্মাণসামগ্রীর (পাথর, বালি, রড, সিমেন্ট) নমুনা সংগ্রহ করেন এবং সেতুর দৈর্ঘ্য, নকশা ও গুণগত মান যাচাইয়ের জন্য তাৎক্ষণিক পরিদর্শন পরিচালনা করেন।

দুদক কর্মকর্তারা পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্প সংক্রান্ত নথিপত্র  পর্যালোচনা করেন। তদন্ত দলে আরও ছিলেন সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন। স্থানীয় এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিনও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ডলপাড়া গ্রামের কবরস্থানসংলগ্ন এলাকায় একটি ছোট নালার উপর নির্মিত হচ্ছে সেতুটি। ২০২৩-২৪ অর্থবছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় এ সেতু বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা।

কিন্তু প্রকল্পের আশপাশে কোনো রাস্তা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন,'সংযোগ সড়ক না থাকলে এই সেতু কার কাজে আসবে? এটি জনবিচ্ছিন্ন, অব্যবহারযোগ্য, আর অর্থ অপচয়ের এক প্রকৃষ্ট উদাহরণ।'

দুদক বলছে, নমুনা পরীক্ষার ফলাফলের পর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন