অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে লেয়ার ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা, তদন্তে পুলিশ।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক লেয়ার ফার্মের কর্মচারীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ মে) সকালে বলদকুড়া এলাকায় একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আখতারুল হক (৪৫), তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নুর ইসলামের ছেলে।স্থানীয়রা ভোরে ফার্মের পেছনে ড্রেনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় ফার্ম মালিককে।পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শুক্রবার অথবা শনিবার রাতে চুরি করতে এসে দুর্বৃত্তরা আখতারুল হককে হত্যা করে লাশ ড্রেনে ফেলে রেখে যায়।

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে আখতার তার  ফার্মে কাজ শুরু করেন। তিনি একাই ফার্মে থাকতেন ও রাতেও সেখানেই থাকতেন। রোববার সকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং কর্মচারী আখতারের লাশ শনাক্ত করেন।

পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন