সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল সাদা দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করেছে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।
রোববার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এসব কথা বলেন সাদা দলের নেতারা।‘সাম্য হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাস’ দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সাদা দলের সাবেক আহ্বায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, “১৬ বছর ধরে একটি ছাত্রসংগঠন এই ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে। জাতীয়তাবাদী ছাত্রদলকে এখানে ঢুকতেই দেওয়া হয়নি। যখন শিক্ষার পরিবেশ ফিরে আসছিল, ঠিক তখনই পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়।”
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,“৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর সাম্য নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। হলে সহাবস্থান ও ডাকসু পুনরায় চালুর প্রশ্নে তার অবস্থান ছিল স্পষ্ট। এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে।”
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “সাম্য হত্যার পাঁচ দিন পার হলেও আমরা কেবল আইওয়াশ দেখছি, কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি—এর মধ্যে গ্রেপ্তার ও বিচার না হলে কঠোর কর্মসূচি নেব। উপাচার্যের প্রতি আহ্বান, সাম্য হত্যার বিচার দিয়ে শুরু করুন, অতীতের সব হত্যারও বিচার করুন।”
তিনি আরও বলেন, “সাম্যকে টার্গেট করে তার ফিমোরাল আর্টারিতে আঘাত করা হয়, যা কোনো সাধারণ আক্রমণ নয়। এটি পেশাদার হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। এই হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড.মো.আবুল কালাম সরকার ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খানসহ আরও অনেকে বক্তব্য দেন।

মতামত দিন