ঢাকা সেনানিবাসে নাশকতার পরিকল্পনায় বরখাস্ত সেনা সদস্য নাঈমুল গ্রেপ্তার।
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক মো.নাঈমুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে রাজধানীর খিলক্ষেতের বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত কিছু সাবেক সেনা সদস্যকে সঙ্গে নিয়ে গত আগস্টের পর থেকে নাঈমুল বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সেনাবাহিনীবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে ‘বিক্ষোভ সমাবেশ’ আয়োজন করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিলেন নাঈমুল। এ পরিকল্পনার অংশ হিসেবে শনিবার সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করলে তিনি ও তার সহযোগীরা হঠাৎ উপস্থিত সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান।
পরিস্থিতি সামাল দিতে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে দ্রুত একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাঈমুল ও তার দুই সহযোগীকে আটক করে।
সেনাবাহিনী জানায়, স্ত্রীর কাছে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সামরিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে মো. নাঈমুল ইসলামকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত দিন