ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘুমের ওষুধ খাইয়ে নববধূর হাতে স্বামী খুন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করেছেন জান্নাত আক্তার (১৮) নামে এক নববধূ। নিহতের নাম মেহদি হাসান (২৭)।
আখাউড়া থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত স্বীকার করেছেন—দাম্পত্য কলহের জেরে তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। বিকেলে অসুস্থতার কথা বলে মেহদিকে দিয়েই ফার্মেসি থেকে ঘুমের ওষুধ আনান। রাতে বাসায় ফেরার পর কোমল পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর মেহদি অচেতন হয়ে পড়েন। পরে গলাটিপে ও মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন জান্নাত।
তবে নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের পেছনে ভিন্ন উদ্দেশ্যর কথা বলছে। মেহদির বড় ভাই আবু কালাম ও মা বকুল আক্তার অভিযোগ করেন, জান্নাতের সঙ্গে অন্য একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। সেই প্রেমিককে সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “গ্রেফতারের পর জান্নাত হত্যার দায় স্বীকার করেছে। তার ভাষ্যমতে, বিয়ের পর থেকেই মেহদি তাকে নির্যাতন করত। সেই নির্যাতনের প্রতিক্রিয়াতেই সে এই হত্যার পরিকল্পনা করে। তাকে আদালতে পাঠানো হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন