অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি।

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সিলেটের তামাবিল সংগ্রাম এবং সুনামগঞ্জের দমদমমিয়া ও সোনালিচেলা সীমান্ত দিয়ে চোরাইপণ্যগুলো দেশে প্রবেশ করে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি এসব পণ্য আটক করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে স্ক্রিন ব্রাইট ক্রিম, অরিস ব্র্যান্ডের সিগারেট, শনপাপড়ি, বিভিন্ন ধরনের বিস্কুট ও চকোলেট, কয়েকটি ভারতীয় গরু এবং পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকী নৌকা। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাই পণ্য আটক করেছি। এসব পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

চোরাচালান রোধে সীমান্তজুড়ে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও বিজিবি সূত্রে জানা গেছে।

মতামত দিন