সাবেক এমপি মমতাজ রিমান্ড শেষে কারাগারে।
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে হাজির করলে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যান করে। উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর অংশ নেন।বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলন চলাকালে সশস্ত্র হামলায় তিনি গুলিবিদ্ধ হন। বুকে গুলির আঘাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে রাত ৩টার দিকে এক বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান মা বিউটি আক্তার।
ঘটনার চার মাস পর, গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, এবং আরও ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।এজাহারে ৪৯ নম্বর নামধারী আসামি হিসেবে মমতাজ বেগমের নাম রয়েছে।
মতামত দিন