ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা: গ্রেপ্তার তিন আসামির ৬ দিনের রিমান্ড।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন যুবককে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৭ মে) ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক তৌফিক হাসান তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু সেদিন আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ নতুন করে শুনানি শেষে অনুমোদন দেওয়া হয় ছয় দিনের রিমান্ড।
সাম্য হত্যাকাণ্ডটি ঘটে গত ১৩ মে রাতে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। মোটরসাইকেল সংঘর্ষের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন সকালে সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।
মতামত দিন