এতদিন কোথায় ছিলেন মমতাজ? আত্মগোপনের কাহিনি প্রকাশ।
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরকার পরিবর্তনের প্রায় ১০ মাস পর তার এই গ্রেপ্তার ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, কেমনভাবে আত্মগোপনে ছিলেন।
মমতাজের ভাই এবারত হোসেন গণমাধ্যমকে জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে টানা তিন মাস সিংগাইরের চরদুর্গাপুরে তাদের নিজ বাড়িতেই ছিলেন মমতাজ। ওই সময় তিনি বাড়ির বাইরে একবারও বের হননি। “আমার স্ত্রী ও সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানত না শিল্পী আপা এখানে আছেন,” বলেন তিনি। কেউ যোগাযোগ করতে চাইলে, সেটা তার মাধ্যমেই হতো।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে,ওই বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ছিল এবং আগন্তুক এলেই জানিয়ে দেওয়া হতো যে ‘বাড়িতে কেউ নেই’। এই কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে সময় কাটিয়েছেন তিনি।
পরবর্তীতে তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে রাজধানীর ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেওয়া হয়। নিপার তত্ত্বাবধানে এক মধ্যরাতে বোরকা পরে কালো গ্লাসের মাইক্রোবাসে করে ঢাকায় চলে যান মমতাজ। বাসা পরিবর্তনের পুরো প্রক্রিয়া নিপা সরাসরি দেখভাল করেন। নিপার স্বামী বিদেশে থাকায় ঢাকায় মমতাজের সার্বিক দেখাশোনার দায়িত্বে ছিলেন নিপা এবং তার আর্থিক ব্যয় নির্বাহ করতেন মমতাজের ব্যক্তিগত সহকারী (পিএস) জুয়েল।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, তিনি মাত্র দুই মাস আগে থানায় যোগ দিয়েছেন। মমতাজের আত্মগোপনের বিষয়ে তিনি অবগত নন।
মতামত দিন