গৌরনদীতে পাচারকালে অর্ধকোটি টাকার চিংড়ির রেনু জব্দ, আটক ২।
বরিশালের গৌরনদী থেকে পাচারকালে প্রায় ৬০ লাখ টাকার চিংড়ির রেনু জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ।শুক্রবার (১৬ মে) সকাল ৭টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক থেকে ৪০ ড্রাম অবৈধ রেনু পোনা জব্দ করা হয়।
আটকরা হলেন ট্রাকচালক মাসুদ হাসান ও বাবুল হোসেন। গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বিপুল পরিমাণ রেনু পোনা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা জানান, রেনুগুলো ভোলা থেকে মেহেন্দীগঞ্জ হয়ে গৌরনদীতে আনা হয় এবং সেখান থেকে ট্রাকযোগে বাগেরহাটে পাঠানো হচ্ছিল।
গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, বিষয়টি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরিকে জানানো হলে তার নির্দেশে জব্দ করা রেনু পোনা আড়িয়াল খাঁ নদীর পালরদী শাখায় অবমুক্ত করা হয়।

মতামত দিন