অপরাধ
ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়ায় উদ্ধার হলো লুট হওয়া পুলিশের শর্টগান ও গুলি।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বালুর স্তূপ থেকে লুট হওয়া একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের বলে নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার বেতবাড়ি থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপে এসব অস্ত্র পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সময় বালুর স্তূপে একটি বন্দুক দেখতে পায় এবং বিষয়টি শিক্ষকদের জানায়। পরে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিচা ধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। শর্টগানের বাটে ‘বিডি-২০১৮’ খোদাই করা রয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, উদ্ধার করা অস্ত্রটি পুলিশের এবং ধারণা করা হচ্ছে এটি ৫ আগস্ট কোনো এক সময় লুটের শিকার হয়েছিল।

স্থানীয়রা জানান, বেতবাড়ি মাঝির ঘাট-এনায়েতপুর পাকা সড়কের পাশেই বিদ্যালয়ের বাউন্ডারির ঘেঁষে থাকা বালুর স্তূপে অস্ত্রটি কেউ ফেলে রেখে গেছে।

পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মতামত দিন