অপরাধ
ছবি: সংগৃহীত

‘উদ্দেশ্যপ্রণোদিত ছিল না’-তথ্য উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপের ঘটনায় জবি শিক্ষার্থীর বক্তব্য।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন বলেছেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল এবং এটি ইচ্ছাকৃতভাবে ঘটাননি তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশতিয়াক বলেন, “আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল ছুড়ে মারি নাই।

বোতলটি আকাশের দিকে ছুড়েছিলাম, কাউকে আঘাত বা অপমান করার উদ্দেশ্য আমার ছিল না।”

জানা গেছে, ইশতিয়াক হুসাইন জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। “আমি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না—না শিবির, না ছাত্রলীগ। আমি টিউশন করি, পার্ট টাইম কাজ করি। রাজনীতিতে সময় দেওয়ার সুযোগ নেই,” বলেন ইশতিয়াক।

ঘটনার পর তাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। “তারা জানাচ্ছে, ক্যাম্পাসে গেলে আমাকে মব দিয়ে হেনস্থা করা হবে,” বলেন ইশতিয়াক।

উল্লেখ্য, বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় একটি পানির বোতল নিক্ষিপ্ত হয়। ঘটনাটি ঘটায় আন্দোলনকারীদের মধ্য থেকে কেউ বোতলটি ছুঁড়েছেন বলে ধারণা করা হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘নিকৃষ্ট ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বা কোনো শিক্ষক জড়িত নন।

মতামত দিন