অপরাধ
ছবি: সংগৃহীত

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক রোহিঙ্গা যুবক। ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩২) কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিহত রেহেনা আক্তার (২৯) উখিয়ার ক্যাম্প-১৯-এর এ-৭ ব্লকের বাসিন্দা। তিনি আবু সাদেকের মেয়ে। তার স্বামী ও হত্যাকাণ্ডের অভিযুক্ত নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

বুধবার (১৪মে) রাত সাড়ে ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

তিনি জানান, পারিবারিক তর্কাতর্কির একপর্যায়ে নুরুল ইসলাম ছুরি দিয়ে স্ত্রী রেহেনাকে আঘাত করেন। গুরুতর রক্তক্ষরণে রেহেনা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এপিবিএনের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। তিনি বলেন, “অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে আসায় এমন ঘটনা বারবার ঘটছে।”

এপিবিএন জানিয়েছে, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন