ঝিনাইদহে পাওয়ার টিলার ও ভ্যানের সংঘর্ষে নারী নিহত।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক সুমন হোসেন আহত হয়েছেন।
দুপুর ২টার দিকে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মনোয়ারা ওই এলাকার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাসিলবাগ থেকে বারবাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি।গলাকাটা মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ও নারী যাত্রী রাস্তার ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় মনোয়ারা ঘটনাস্থলেই মারা যান।
বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পাওয়ার টিলারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মতামত দিন