অপরাধ
ছবি: সংগৃহীত

টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার পরিকল্পনা দুদকের।

দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

বুধবার (১৪ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, “ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে আজ সকাল ১০টায় টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। ফলে নিয়ম অনুযায়ী তাকে অনুপস্থিত বা পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ তিনি হারালেন।”

তিনি আরও বলেন, “যদি স্বাভাবিক উপায়ে তাকে পাওয়া না যায়, কিংবা তিনি বিদেশি নাগরিক হিসেবে অনুপস্থিত থাকেন, তাহলে তাকে ‘অ্যাবস্কন্ডিং’ হিসেবে ঘোষণা করা হবে। এরপর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হবে।”

দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকার গুলশান-২ এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট  কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করেন টিউলিপ সিদ্দিক। একইসঙ্গে রাজধানীর পূর্বাচলে একটি প্লট গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুদক চেয়ারম্যান আরও জানান, টিউলিপের পাশাপাশি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কমিশন একইভাবে কাজ করছে।

শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। কমিশন আদালতের নির্দেশ মেনেই সব কার্যক্রম পরিচালনা করবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে  পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়।

মতামত দিন