আড়াইহাজারে অটোরিকশাচালক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছরের কারাদণ্ড।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চালক জামান হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) এবং নাগেরচর এলাকার আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।
১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে আসামি আজগরকে। অপর এক আসামি জাহিদুল ইসলামকে আদালত খালাস দিয়েছেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের মারুয়াদী এলাকায় মুখে কসটেপ জড়ানো, রশি দিয়ে হাত-পা বাঁধা এবং চোখ উপড়ানো অবস্থায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তার স্বজনেরা। তিনি আড়াইহাজারের ফতেহপুর ইউনিয়নের বাগদী গ্রামের শফিউদ্দিনের ছেলে জামান হোসেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় জামানের ভাই জাকির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেয় পুলিশ, যার ভিত্তিতে আজ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে।
পরিদর্শক কাইউম খান বলেন,“অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই নির্মমভাবে হত্যা করা হয় জামানকে।আজ আদালতের এই রায়ের মাধ্যমে ভিকটিমের পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছে।”

মতামত দিন