অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিন জনের ১০ দিনের রিমান্ড আবেদন, আজ শুনানি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এই রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) এবং সম্রাট মল্লিক (২৮), যিনি ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে।

মঙ্গলবার গভীর রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে নিহত হন সাম্য। প্রত্যক্ষদর্শীদের মতে, সাম্য তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে বারোটায় চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রদলের নেতাকর্মীরা মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে স্লোগানে মুখর  হয়ে ওঠে ক্যাম্পাস।

আজ বুধবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় শাহরিয়ার আলম সাম্যর। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী।

মতামত দিন