সাম্যকে ছুরিকাঘাতে হত্যা: তিন হামলাকারী গ্রেপ্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (১৪ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার তিনজন হলেন—মো. তামিম হাওলাদার (৩০),সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)।
এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
ঘটনার সময় সাম্যের সঙ্গে থাকা বন্ধু বায়েজিদ ও রাফিও ছুরিকাহত হন। আহত বায়েজিদ ঘটনার বিবরণ দিয়ে জানান, “রাত বারোটার দিকে আমরা তিন বন্ধু মিলে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির সংলগ্ন গেটের পাশের ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলাম। এ সময় ৮-১০ জনের একটি দল আমাদের ওপর হঠাৎ হামলা চালায়। ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সাম্য প্রচুর রক্তক্ষরণে ভেঙে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
নৃশংস এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মতামত দিন