সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন এবং তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
সহপাঠী রাফি জানান, রাত ১২টার দিকে শাহরিয়ার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে সাত-আটজন অজ্ঞাত দুর্বৃত্ত শাহরিয়ারের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
মতামত দিন