অপরাধ
ছবি: সংগৃহীত

তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর বস্তাবন্দি মরদেহ,ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন।

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় ময়লার স্তূপ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম রোজা মনি।

তার শরীরে গরম পানির ছ্যাঁকা ও বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তুপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি তারা পুলিশকে জানান। পরে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে রোজা মনির মরদেহ উদ্ধার করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,শিশুটির বুকে ফোসকার মতো দাগ এবং শরীরে আরও কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত রোজা মনি প্রবাসী নূরে আলমের মেয়ে। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল থেকে রোজা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু সকালে ময়লার স্তূপে এমন নির্মম অবস্থায় তার মরদেহ পাওয়া যাবে, তা কেউ কল্পনাও করেননি।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন