মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়ম: দুদকের অভিযান।
মাদারীপুর সদর হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত দল হাসপাতালে এ অভিযান পরিচালনা করে।
দুদকের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান,চলতি ২০২৪–২৫ অর্থবছরে মাদারীপুর সদর হাসপাতালের জন্য ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেনসামগ্রী, গজ-ব্যান্ডেজ, তুলা, কেমিক্যাল রিজেন্ট ও আসবাবপত্রসহ ৬টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ওই দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় তা তদন্তে দুদকের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন,“অভিযানকালে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের সংশ্লিষ্ট নথিপত্র দেখতে চাই। এসব কাগজপত্র যাচাই-বাছাই করে অনিয়মের প্রমাণ পেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করব।”
এ বিষয়ে এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ক্রয় সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক নানা জায়গায় অভিযান চালিয়ে আসছে।

মতামত দিন