রাজধানীর ধলপুরে ২০ কুকুর হত্যার ঘটনায় তিনজনের কারাদণ্ড।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে একসঙ্গে ২০টি কুকুর হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। রোববার (৮ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক। তাদের মধ্যে মানিক আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। বাকি দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন।
রায়ে বলা হয়েছে, প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ১৬(ক) ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনের ১৬(খ) ধারায় তাদের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা না দিলে অতিরিক্ত ১৫ দিনের সাজা ভোগ করতে হবে। তবে উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৩ জানুয়ারি ধলপুরের লিচুবাগান এলাকায় লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর হত্যা করা হয়। পরে সেগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় প্রাণী সুরক্ষা সংগঠন অ্যানিমেল লাভারস অব বাংলাদেশ-এর পক্ষে মো. মারুফুল হক আদালতে মামলা করেন। তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৪ সালের ২১ মে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন এবং মামলার শুনানিকালে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মতামত দিন