শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২।
বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আটক হওয়া ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই রোববার (৮ মার্চ) সন্ধ্যায় এক্সে দেওয়া এক বার্তায় জানায়, পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাদের পরিচয়ও উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়, ধৃত ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে, ওসমান হাদি হত্যার পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং পরে মেঘালয় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
পরে ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর তারা পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সুযোগ পেলে আবারও অবৈধ পথে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল তারা।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

মতামত দিন