অপরাধ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের ঘটনায় উত্তেজনা, ফিলিং স্টেশন ভাঙচুর ও ৩ বাসে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে এক যুবকের মৃত্যুকে ঘিরে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালানোর পাশাপাশি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।

শনিবার (৭ মার্চ) রাতের দিকে শহরের আরাপপুর এলাকায় অবস্থিত সৃজনী ফিলিং স্টেশন-এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিহত যুবকের নাম নিরব। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের বাসিন্দা এবং আলীমুর বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশেই তিনি একটি ফাস্টফুডের দোকান চালাতেন। স্থানীয়দের মতে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও সক্রিয় সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত প্রায় তিনটার দিকে বাস টার্মিনালে বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে রাত একটার দিকে উত্তেজিত লোকজন আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

নিরবের খালাতো ভাই সোহেল হোসেন অভিযোগ করেন, মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে নিরবকে মারধর করে গুরুতর আহত করে, যা পরে তার মৃত্যুর কারণ হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

অন্যদিকে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার আলামিন শেখ দাবি করেন, গভীর রাতে ২০ থেকে ৩০ জনের একটি দল পাম্পে হামলা চালিয়ে তিনটি মেশিন ভাঙচুর করে। পুলিশ বাধা দিলেও হামলাকারীরা তা উপেক্ষা করে ভাঙচুর চালায়।

ঘটনার বিষয়ে মাহাফুজ হোসেন বলেন, বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের পাশাপাশি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার রাত আটটার দিকে বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে নিরবের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। পরে মারধরের একপর্যায়ে তার মৃত্যু ঘটে, যা ঘিরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মতামত দিন