অপরাধ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের বিশেষ অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বাজারে ভোক্তা অধিকার সুরক্ষা এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় সাহেববাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে ওজনে কারচুপি ও বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ২৫ হাজার টাকা, মৌচাক মিষ্টি ভাণ্ডারকে দইয়ের দাম নির্ধারণ অমান্য করার কারণে ১০ হাজার টাকা এবং শেখ গার্মেন্টসকে ক্রয় রশিদ (ভাউচার) প্রদর্শনে ব্যর্থতার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএমএম কোর্টের নাজির সোহেল রানা বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, সামারি কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষা, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের কাজ অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন।

রাজশাহীর বাজারকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে বলে সংশ্লিষ্টরা জানান।

মতামত দিন