সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা:মূল আসামি বাবু শেখ গ্রেপ্তার।
চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় শিশু ইরার হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
শিশুটি গত রোববার (১ মার্চ) ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে আইসিইউতে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর শরীরে গুরুতর আঘাতের আলামত ছিল এবং সে ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঊরুর অংশে কাটাছেঁড়ার চিহ্নও পাওয়া গেছে। নিহতের চাচা আজিজ জানান, সোমবার রাতে শিশুটি স্থিতিশীল ছিল এবং আমাদের সঙ্গে কথা বলছিল, কিন্তু রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিবারের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিল এবং একটি নামও ইঙ্গিত দিয়েছিল। চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে প্রথম দেখেন এবং পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির মা ১ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
মতামত দিন